
নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরদীর মুলাডুলি এলাকায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে একটি ট্রাকসহ ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ট্রাক চালক ও দুইজন সহকারীকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে অপহরণ করেছে। পরে তাদের রাজশাহীর চারঘাটের কাছে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
ঘটনাটি মঙ্গলবার (২৮ মে) গভীর রাতে দাশুড়িয়া-নাটোর-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মুলাডুলি-শেখপাড়া এলাকায় ঘটে। ট্রাকটি দিনাজপুর থেকে কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে অন্য জেলায় গরু নিয়ে যাচ্ছিল।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক মো. শরিফুজ্জামান জানান, ডাকাতরা সাত থেকে আটজন সদস্য নিয়ে প্রথমে আরেকটি ট্রাক দিয়ে গরুবোঝাই ট্রাকটি আটকিয়ে তাদের অস্ত্রের মুখে আটক করে। পরে তারা লালনশাহ সেতু পার হয়ে ভেড়ামারা অতিক্রম করে। সিসিটিভি ফুটেজে তাদের সেই গতিবিধি ধরা পড়েছে।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডাকাতি করা ট্রাক উদ্ধার করেছে। গরুগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ডাকাতদলকে ধরতে বিশেষ অভিযান চলছে এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।