
নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মহাদেবপুরে মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করায় অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন মা সাবিনা ইয়াসমিন (৩৮)। বুধবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী সাবিনা ইয়াসমিনের মাদকাসক্ত ছেলে সাব্বির হোসেন মাদকের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে সে মাকে মারধর করে। এতে অভিমান করে রাতেই সাবিনা ইয়াসমিন কীটনাশক পান করেন। পরে সাব্বির হোসেনও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাবিনা ইয়াসমিন মারা যান। ছেলে সাব্বির হোসেন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মহাদেবপুর থানার ওসি মো. শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।







