
নিজস্ব প্রতিবেদক : কঠোর ব্যবস্থার ফলে দেশে ‘মব ভায়োলেন্স’ কমে এসেছে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনা সদরের অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেবে। পাশাপাশি জানান, এখনো নির্বাচন বিষয়ে সেনাবাহিনী কোনো সরকারি নির্দেশনা পায়নি, নির্দেশনা পেলে দায়িত্ব পালন করবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত তিন সপ্তাহে ৫৬টি অবৈধ অস্ত্র ও ৯৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আগস্ট ২০২৩ থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৯,৬৬৭টি অস্ত্র ও ২.৮৬ লাখ রাউন্ড গুলি, গ্রেপ্তার হয়েছে ১৫,২৬২ জন।
ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযানে ১,২৫৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে ৩৫ লাখ টাকার বেশি। এছাড়া মাদকবিরোধী অভিযানে তিন সপ্তাহে ৪৫২ জন এবং আগস্ট থেকে ৫,৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে ভারতীয় পুশ-ইন বিষয়ে সেনাবাহিনীর মাঠে নামার পরিস্থিতি হয়নি বলেও জানানো হয়।
#ম/শি#।







