
নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন বলেন, “প্রাথমিকভাবে আমাদের রেকর্ডে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ পাওয়া গেছে।”
তবে ইউএসজিএস-এর তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার জানান, “উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প। উৎপত্তিস্থল আসাম ভ্যালি এবং হিমালয়ের মাঝামাঝি এলাকায়, যা গুয়াহাটির কাছাকাছি।”
তিনি আরও জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কম্পন বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার এবং চীনের কিছু এলাকায় অনুভূত হয়েছে।