নিজস্ব প্রতিবেদক: মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ২৯ আগস্ট বিকেলে বোয়ালিয়া মডেল থানার উদ্যোগে ১৬নং ওয়ার্ডের বখতিয়ারাবাদ মালদা কলোনি ঈদগাহ মাঠে গণসচেতনতামূলক প্রচার ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে মাদক ও জুয়ার ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণকে সচেতন করা হয়। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করার পাশাপাশি অপরাধপ্রবণতা বাড়ায়। অন্যদিকে, জুয়া মানুষকে আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ নিয়ে বিস্তারিত সভা অনুষ্ঠিত হয়।
মাদক ও জুয়ামুক্ত নিরাপদ সমাজ গঠনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান পরিচালনার পাশাপাশি গণসচেতনতামূলক ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক ও জুয়া প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও শিল্পনগরী পুলিশ ফাঁড়িসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আসুন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি-নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে পুলিশকে সহযোগিতা করি।