নিজস্ব প্রতিবেদক : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি বিয়েবাড়ি থেকে এক তরুণীকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবড়িপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়-স্বজনরা বাড়িতে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণী—মমতা (ছদ্মনাম)—কে বাড়ির বাইরে ডেকে নেয়।
অভিযোগে উল্লেখ করা হয়, পরে তাকে স্থানীয় একটি খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে এসে স্বজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
পুলিশ জানায়, আজ দুপুরে নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অনুপ (২০), শ্রী রঞ্জন হাসদা (১৯) ও শ্রী প্রশান্ত সরেন (১৯)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের সবার বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবড়িপাড়া গ্রামে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম (ভারপ্রাপ্ত) বলেন, “ভুক্তভোগীর খালার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।