
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন।
খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে ঘিরে তার গুলশানের বাসভবন থেকে বিমানবন্দর অভিমুখের সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। বিকেল থেকেই ঢাকার রাস্তায় সমবেত হতে শুরু করেন দলটির কর্মী সমর্থকরা।
রাত দশটা নাগাদ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের পথে রওনা হওয়ার কথা খালেদা জিয়ার।
কাতার আমিরের তরফে এই রয়্যাল অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে ।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছিল, রাত আটটায় গুলশানের বাসা থেকে রওনা দিয়ে খালেদা জিয়া নয়টায় বিমানবন্দরে পৌঁছাবেন।
তবে, তাকে বহনকারী গাড়িটিকে হাজারো নেতাকর্মীর ভিড় ঠেলে এগােতে রীতিমতো বেগ পেতে হচ্ছে।
বিএনপি চেয়ারপার্সনের বিদেশ যাত্রা নিয়ে বিএনপির ভেতরে ও বাইরে 'স্বস্তির' পাশাপাশি 'উদ্বেগ-উৎকণ্ঠা'ও আছে। দুই শীর্ষ নেতার 'অনুপস্থিতি' কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটি নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে।