নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের (৭২ ঘণ্টা) অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর আ'লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব- উল-আলম বুলবুল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য হাবিবুর রহমান বাবু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, রাজশাহী মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে একটি মিছিল বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য, অবরোধের শেষ দিনেও রাজশাহীতে অটোরিকশা সিএনজি চলাচল স্বাভাবিক ছিল পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁগামী বাস রাজশাহী থেকে ছেড়ে যেতে দেখা গেছে তবে দূরপাল্লার কোনো যানবাহন রাজশাহী থেকে ছেড়ে যায়নি।