নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় দুইটি অবৈধ বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোছা. রোজিনা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রোজিনা খাতুন ওই গ্রামের পলাতক আসামি মো. রুবেল হোসেনের স্ত্রী।
রাজশাহী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর গ্রামের রোজিনা খাতুনের বসতবাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুত থাকার খবর পায় পুলিশ।
পরে ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোজিনা পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার শয়নকক্ষের খাটের নিচে একটি সাদা পলিথিনে মোড়ানো শপিং ব্যাগ তল্লাশি করে কাঠের বাট সদৃশ দুইটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানের সময় রোজিনার স্বামী মো. রুবেল হোসেন (৪৮) কৌশলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রয়েছে। আর রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে একটি এবং কুষ্টিয়ায় একটি মামলা রয়েছে।
এ ঘটনায় রোজিনা খাতুন ও পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে।
ডি/র.আ