
নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের বিনিয়োগ গ্রাহক, একাউন্ট হোল্ডার ও স্থানীয় ব্যবসায়ীরা সোমবার (৬ অক্টোবর) বাঘা জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যার কারণে বৈধ কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে গেছে। তারা ব্যাংকের স্বচ্ছতা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের আহ্বান জানান এবং বৈধ কর্মকর্তাদের পুনর্বহাল ও ভবিষ্যতে নীতিমালা অনুযায়ী যোগ্যদের নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিনিয়োগ গ্রাহক ও ব্যবসায়ী তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, একাউন্ট হোল্ডার শাহাদুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী, জাহাঙ্গীর হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জিবরাইল, আব্দুল খালেক, আমিনুল ইসলাম ও রুবেল আলী প্রমুখ।