নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় এক হৃদয়বিদারক ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে চাকু দিয়ে খুন করে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত আমিনুল ইসলাম। এ ঘটনায় বাগমারা থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক পাশ্ববর্তী নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মিঠু প্রামাণিকের ছেলে। তার বড় ভাই একরাম হোসেন শুক্রবার গভীর রাতে বাগমারা থানায় উপস্থিত হয়ে মাদকাসক্ত আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, খুনের পর গণপিটুনিতে নিহত আমিনুল ইসলামের মৃত্যুর ঘটনায় বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) গনি চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার দুইশ জনকে আসামী করে আরেকটি মামলা দায়ের করেন।
ঘটনার বিবরণ:
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৬টার দিকে বাগমারার রনশিবাড়ি বাজারে নজরুলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় একই গ্রামের বখাটে যুবক ও মাদকসেবী আমিনুল ইসলাম সেখানে এসে রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করে।
তবে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে। একপর্যায়ে সে রনশিবাড়ি গ্রামের আব্দুর রশিদের বাড়িতে আশ্রয় নেয়। ক্ষুব্ধ জনতা বাড়িটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও উত্তেজিত জনতার বাধায় আমিনুলকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জনতা বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পুলিশকে লাঞ্চিত করে আমিনুলকে টেনে বের করে এনে পিটিয়ে হত্যা করে।
পুলিশের বক্তব্য:
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহত মৎস্য ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ভাই ও পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।