
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় ট্রাকের ধাক্কায় পারভিন বেগম (৩০) নামের নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। পারভিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের লোকজন জানান, নিহত পারভিন বেগম গত মঙ্গলবার বিকেলে স্বামী জাহাঙ্গীর আলমের দেউলা বাড়ি থেকে বাবার বাড়ি বাগমারা গ্রামে যান। বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে বাবার বাড়ি বাগমারা থেকে ভ্যানযোগে স্বামীর বাড়ি দেউলার উদ্দেশ্যে রওয়ানা দেন। পারভিনকে বহনকারী ভ্যানগাড়ীটি গোপালপুর মোড়ে দক্ষিন পার্শ্বে ভবানীগঞ্জ থেকে বাগমারা গামী একটি ট্রাক তাদের ভ্যানগাড়ীটিকে ধাক্কা দেয়।
ওই সময় পারভিন বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়েছে ফেলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভবানীগঞ্জ ক্লিনিক ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। অবস্থা বেগতিক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। পারভিন বেগম দুই সন্তানের জননী বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
এ ব্যাপার যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির পরবিার থেকে কোন অভিযোগ না থাকায় মামলা করা সম্ভব হয়নি। তবে ওই ঘটনায় নিহত ব্যক্তির পক্ষে কেউ থানায় লিখিত অভিযোগ করলেই আমরা আইনগত ব্যবস্থা নিতে পারব বলে তিনি জানিয়েছেন।