নিউজ ডেস্ক : বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী ১ জুন দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী। তাদের মধ্যে ফরচুন ৫০০ তালিকাভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন।
এছাড়াও চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এটি বাংলাদেশে প্রথমবারের মতো এত বৃহৎ সংখ্যক চাইনিজ বিনিয়োগকারী একযোগে সফর করছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বলে আশা করা হচ্ছে। এই সম্মেলন, প্রধান উপদেষ্টার সদ্য চীন সফর এবং এপ্রিলের বিনিয়োগ সম্মেলনের সরাসরি ফলাফল হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।