
নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেখা দিয়েছে তীব্র বেড সংকট। হাসপাতালের বারান্দা, লিফটের সামনের ফ্লোর এমনকি করিডোরেও বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসাসেবা নিয়ে রয়েছে রোগীদের ক্ষোভ। একজন রোগী জানান, “এক সপ্তাহ ধরে ভর্তি আছি, কোনো পরীক্ষা-নিরীক্ষা এখানে হয় না, সব কিছু বাইরে করতে হচ্ছে।”
রোগীর স্বজন মো. সাইদুল বলেন, “বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে আমার খালা। চার ঘণ্টা হয়ে গেলেও কেউ এসে খোঁজ নেয়নি।”
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাসকিয়া সিদ্দিকাহ বলেন, “গত বছরের তুলনায় এবার জুন মাসেই রোগীর চাপ অনেক বেশি। আমরা সাধ্যমতো চেষ্টা করছি।”
বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ জানান, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০৫ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। রোগীর তুলনায় হাসপাতালের অবকাঠামো ও জনবল কম থাকায় সেবায় বিঘ্ন ঘটছে।
তিনি আরও জানান, স্যালাইনের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতাল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ২ চিকিৎসক ও ১০ জন সিনিয়র নার্স যোগ দিয়েছেন, আরও ৪ চিকিৎসককে পদায়ন করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞরা জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তারা বলেছেন, বাড়ির আশপাশ পরিষ্কার না থাকলে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে।