
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে এক হিন্দু পরিবারের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ও সোকেস ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে ঘটে। পুলিশের ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৮–১০ জনের একটি ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তল্লাশি চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে।
ভুক্তভোগী পলাশ চন্দ্র বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। কয়েকজন ব্যক্তি দরজায় এসে আমরা পুলিশ থেকে এসেছি বলে ডাকতে থাকলে আমি দরজা খুলে বারান্দায় পা দিয়েছিলাম। তখন তারা আমাকে ধারালো হাসুয়া দিয়ে ধরে হাত-পা বেঁধে ফেলেছে। এরপর আমার স্ত্রী ও ছেলেকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ১৫ হাজার টাকা, ৪ ভরি সোনা ও মোবাইল ফোন নিয়ে গেছে।”
ছোট ভাই পবিত্র চন্দ্র জানান, “আমার সম্প্রতি বিয়ে হয়েছে। লুট হওয়া স্বর্ণালংকার আমার শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছিলাম। এখন একেবারেই নিঃশেষ হয়ে গেছি।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাতে পর্যাপ্ত টহল না থাকায় এমন ঘটনা ঘটছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।