
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি।
এদিন বিকেল ও সন্ধ্যায় রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বৈঠক দু’টিতে মোট ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৫টায় প্রথম দফার বৈঠকে অংশ নেবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম), মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
এরপর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।