নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে পেশাজীবীদের সম্মানে ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অঞ্চলে প্রথমবারের মতো এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করে দাওকান্দি ছাত্র, যুব ও তরুণ প্রজন্ম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল হোসেন এবং জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন। ইফতার মাহফিলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার শতাধিক পেশাজীবী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম রুস্তম।আয়োজকদের মধ্যে ছিলেন সাদিকুল ইসলাম পাপ্পু, মোতাসিম বিল্লাহ বিপ্লব, রায়হান উদ্দৌলা মিলন, মেহেদী হাসান রকি ও জাহিদুল ইসলাম সবুজসহ স্থানীয় ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও বলেন, দাওকান্দি অঞ্চলে পেশাজীবীদের সম্মানে এই ধরনের আয়োজন এবারই প্রথম। এলাকার সম্মানিত পেশাজীবী ও গুণীজনদের উপস্থিতি স্থানীয় ছাত্র ও যুব সমাজকে অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।