
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঋষিপাড়া) গ্রামে একটি পরিত্যক্ত মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
রবিবার (১৯ মে) দুপুর ১২টা ৩৫ মিনিটে পুঠিয়ার গাওপাড়া গ্রামের ম্যাচপাড়া বিলে এই নিষ্ক্রিয়করণ অভিযান পরিচালিত হয়। আরএমপির এসআই (এবি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল, আরএমপি’র ক্রাইসিস রেসপন্স টিম (CRT) এর ৯ সদস্য এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।
এর আগে, শনিবার (১৮ মে) সন্ধ্যায় স্থানীয় সুমন (৩৫), পিতা মৃত নিরেন দাস, তার বাড়ির পাশের খালের পাড়ে মরিচা ধরা অবস্থায় লোহার তৈরি একটি বস্তু দেখতে পান, যা দেখতে মর্টার শেলের মতো। পরে বিষয়টি থানায় জানানো হলে এসআই (নিঃ) মো. আব্দুল মান্নান সরকার ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, মর্টার সদৃশ বস্তুটির দৈর্ঘ্য আনুমানিক ৭ ইঞ্চি এবং তাতে “6POF5/61” লেখা ছিল।
অভিযান চলাকালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রশাসন জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।