নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলা হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে নালা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এতে রোগী, স্বজন ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হন।
সোমবার(২২ সেপ্টেম্বর) সারাদিন ধরে উপজেলা হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন নালা ও ড্রেনে জমে থাকা পলি ও প্রতিবন্ধকতা অপসারণ করে জলাবদ্ধতা নিরসন করা হয়। এর ফলে হাসপাতাল এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে।
এ কার্যক্রমের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাশ। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের সহযোগিতায় একযোগে কাজ করে জমে থাকা পলি ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়েছে। যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে হাসপাতাল এলাকায় রোগীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। দ্রুত উদ্যোগ নেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।