নিজস্ব প্রতিবেদক: ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় রাজশাহীর পুঠিয়ায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পুঠিয়া-নন্দনগাছী সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারা রোপণ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা রোকনুজ্জামানিক, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন আলাল উপস্থিত ছিলেন।
এ ছাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সার্ভেয়ার সাদেকুল ইসলাম, কার্যসহকারী খলিলুর রহমান খানসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকেরা জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ। সড়কের পাশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে সড়কের নান্দনিকতাও বাড়বে।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে এসব গাছকে বড় করে তোলাই এখন মূল লক্ষ্য। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষগুলোর পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।