
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের জামিরায় এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও শিবু দাশ।
অভিযান সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই পরিচালিত একটি চিপস কারখানা ও একটি বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে দ্রুত অসংগতি দূর করে সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।”