নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার ঝলমলিয়া বাজার ও বানেশ্বর খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝলমলিয়া বাজার এলাকা থেকে মাদক বিক্রেতা মোস্তাক আলীর ছেলে নুরুল ইসলাম নুরকে আটক করা হয়। একই অভিযানে বানেশ্বর খুঁটিপাড়া এলাকা থেকে মাদকসেবী আব্দুল গফুরের ছেলে জব্বার আলীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক বিক্রেতা নুরুল ইসলাম নুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মাদকসেবী জব্বার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।