নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার ৫ আগস্ট সকালে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানজুড়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।