রাজু আহমেদ : বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী -৫ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার ২টি ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে উপজেলার জিউপাড়া ও বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’
তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী, জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদের, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক মোল্লা, ভাল্লুকগাছি ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল গনি পিন্টু,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।