
নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চাতরা বিলে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোরে আতাইকুলা থানার পুলিশ এ অভিযান চালায়। পুলিশের দাবি, স্থানীয় সন্ত্রাসী চক্র ‘ময়েজ বাহিনী’ ওই বিলে কারখানা গড়ে তোলে। তারা এলাকায় অস্ত্রের মহড়া ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আটক ব্যক্তিরা হলেন- জেলা সদরের নিয়ামতপুর গ্রামের মনির হোসেন (৪০) এবং খোদাইপুর গ্রামের রেজাউল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, বিলের একটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিনঘরে অস্ত্র তৈরির কারখানা চালু ছিল। সেখান থেকে একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার, তিনটি গুলি, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গোলাবারুদ ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র তৈরি ও কেনাবেচার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে। এ বাহিনীর প্রধান ময়েজের বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে চাতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।