
নিজস্ব প্রতিবেদক : পাবনা পৌর এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে মো. আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন (২৪) নামের আরও একজন গুরুতর আহত হন। ঘটনার পর পুলিশ সুভেল নামের এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেলের ছেলে এবং আহত নাইম একই এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাইমের কাছে। এ নিয়ে সেদিন রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিল্লাত ছুরি দিয়ে আকাশ ও নাইমকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আহত নাইম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।