
নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ মুহাররম ১৪৪৭ হিজরি তারিখে পবিত্র আশুরা উদযাপিত হবে। এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থেকে বিশেষ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরএমপি কমিশনারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আশুরার দিন রাজশাহী মহানগরী এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ ক্ষতিকারক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ থাকবে। এছাড়া হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, যেমন তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য ও অন্য কোনো ক্ষতিকর সামগ্রী বহন এবং তাজিয়া ও শোক মিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো বা আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা ও বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে অতিরিক্ত উচ্চতর নিশান বা ধাতব বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
পাইক মিছিলসহ গণউপদ্রব সৃষ্টি করতে পারে এমন উচ্চ শব্দের মাইক বা স্পিকার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।