
নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘন্টা পর ভুট্টা ক্ষেত থেকে মিনহাজ হোসেন আবির (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আবির ওই এলাকার জনৈক মিলন হোসেনের একমাত্র ছেলে এবং মহিষ ভাঙ্গা এলাকার আবিদ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। আজ ২৬ জুন বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নিখোঁজ হয় শিশু আবির।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, আজ বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আবির। এই ঘটনায় সন্ধ্যার দিকে তার বাবা মিলন হোসেন থানায় একটি ডায়েরি করেন।
রাত সাড়ে নয়টার দিকে বনপাড়া মহিষ ভাঙ্গা এলাকার বনলতা মসলা ফ্যাক্টরি পাশে আবিরের রক্তমাখা সাইকেল দেখতে পেয়ে এলাকাবাসী আবিরের পরিবারের লোকজনকে খবর দিলে পাশের ভুট্টার ক্ষেতে আবিরের মরদেহ দেখতে পেয়। এসময় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে পুলিশ।