নাটোর প্রতিনিধি: নাটোর-বগুড়া মহাসড়কের মোহনপুরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) উপকেন্দ্রের সামনে ট্রাক চাপায় মো. আব্দুল্লাহ(৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের জমির উদ্দিনের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৬শে মার্চ) বিকেল ৫টায় শহরতলীর মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে নিজ বাড়ি আগপাড়া শেরকোল থেকে মোটরসাইকেলযোগে নাটোর শহরে আসছিলেন আব্দুল্লাহ। এসময় পথে মোহনপুরে বিটিভি উপকেন্দ্র অতিক্রমের সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে আব্দুল্লাহ সামনে সড়কে ছিটকে পড়েন ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।