নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন আইন ও নতুন কাঠামোর আওতায় একটি নতুন এলিট ফোর্স গঠনের চিন্তা করছে সরকার। শিগগিরই এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে এবং সেই আইনের ভিত্তিতেই বাহিনী পরিচালিত হবে।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র্যাব এতদিন ব্যাটালিয়ন-সংক্রান্ত আইনের আওতায় পরিচালিত হয়েছে, তবে বাহিনীটির জন্য আলাদা কোনো আইন ছিল না। তিনি বলেন, নতুন আইনে এলিট ফোর্সের কর্তৃত্ব, দায়িত্ব ও জবাবদিহির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
তিনি আরও বলেন, র্যাবের বর্তমান নাম রাখা হবে কি না, নাকি সম্পূর্ণ নতুন নামে বাহিনী গঠন করা হবে—সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে নতুন আইনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটি প্রশ্নবিদ্ধ হয়েছিল। তাঁর দাবি, তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বাহিনীটিকে ব্যবহার করেছিল। তবে প্রতিষ্ঠান হিসেবে র্যাবকে দায়ী করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, যদি নতুন নামে ও নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠন করা হয়, তাহলে আন্তর্জাতিক মহল বিষয়টি নতুনভাবে বিবেচনা করতে পারে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি বিশেষায়িত এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সে লক্ষ্যেই র্যাবকে যুগোপযোগী ও বিশ্বমানের বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।