নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “মুজিববাদী আওয়ামী লীগের সংবিধান গত ৫০ বছরে মানুষের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে, রাষ্ট্রকে বিভাজিত করেছে। এখন দরকার নতুন সংবিধান, যেখানে মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে।”
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “পুরনো রাষ্ট্রীয় সিস্টেম সংস্কার করে এমন নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে যেখানে স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। গত জুলাই আন্দোলনের ঘোষণাপত্র ও সনদ নিয়েও সরকার তালবাহানা করছে। লুটেরা ব্যবসায়ী বসুন্ধরা ও এস আলম গ্রুপ এবং তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের বিচার করতে হবে।”
তিনি অভিযোগ করেন, পদযাত্রায় একটি মহল বাধা দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের ‘ভয়ের সংস্কৃতি’ প্রতিহত করতে এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।
সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বসুন্ধরা গ্রুপের গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট ভূমিকা জনগণের কাছে স্পষ্ট। অন্যায় করলে আমি সমালোচনা করবো। আর আমি অন্যায় করলে আপনারা লিখুন। তবে আপনাদের বিবৃতির ইতিহাসও আমাদের জানা আছে।”
পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকার, সারজিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা সিরাজগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে আসা সমর্থকদের অভিনন্দন জানিয়ে পদযাত্রা সফল করার আহ্বান জানান।