নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোতালেব হোসেনের বিরুদ্ধে আত্রাই নদীর বাঁধ সংলগ্ন এ্যাকোয়ারকৃত (অধিগ্রহণকৃত) সরকারি জমির বেশকিছু গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
গাছ গুলো কাটার সাথে সাথে সেগুলো সরিয়ে নেয়া হয়েছে। উপজেলা প্রসাশনের অনুমতি ছাড়া সরকারি গাছগুলো এভাবে কেউ কাটতে ও বিক্রি করতে পারে না। যারা সরকারি সম্পত্তি আত্মসাত ও বিক্রির সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
গাছ কাটার ঘটনাকে ধামাচাপা দিয়ে টাকাগুলো আত্মসাৎ করার জন্য ইতোমধ্যে একটি মহল দৌড় ঝাপ শুরু করেছে বলে জানান স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামের উত্তর পাড়ায় । এ ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানাগেছে, ওই গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে খোকা পৈত্রিক সূত্রেপ্রাপ্ত জমিসহ এ্যাকোয়ারকৃত (অধিগ্রহণকৃত) সরকারি জমিতে বেশকিছু দিন আগে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। জমিটি নিয়ে ভালাইন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোতালেব হোসেন গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো বলে জানান তিনি। এরই জের ধরে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ওই বিবাদমান জমিসহ এ্যাকোয়ারকৃত (অধিগ্রহণকৃত) সরকারি জমির বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী খোকা ।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের মোতালেব হোসেন বলেন, আমি একজন সমাজ সেবক। আমি এ্যাকোয়ারকৃত (অধিগ্রহণকৃত) সরকারি জমির গাছ কেনো কাটতে যাবো! আমাদের গাছ আমরা কেটেছি। এখানে কারো আপত্তি থাকার কথা না। পূর্ব শত্রুতার জের ধরে আমাদেরকে হয়রানী করতে আমাদের বিরুদ্ধে গাছ কাটার বিষয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
২নং ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল বলেন, এ্যাকোয়ারকৃত (অধিগ্রহণকৃত) সরকারি জমি লীজ নিয়ে যে কেউ ব্যাবহার করতে পারেন। কিন্তু এ্যাকোয়ারকৃত (অধিগ্রহণকৃত) সরকারি জমির এতোগুলো গাছ কাটার বিষয়ে আমার জানা নেই। যদি নিয়মবহির্ভূতভাবে এতোগুলো গাছ কাটা হয়ে থাকে তাহলে যারা এর জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত-ইউএনও) জাকির মুন্সি বলেন,কোনো সরকারি সম্পত্তির গাছ কাটতে হলে অবশ্যই অনুমতি নিতে হয়। কিন্তু আত্রাই নদীর বাঁধ সংলগ্ন এ্যাকোয়ারকৃত (অধিগ্রহণকৃত) সরকারি জমির গাছ কাটার বিষয়ে কেউ কোনো অনুমতি নেননি। অনুমতি না নিয়ে গাছ কেটে তিনি আইন ভঙ্গ করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।