
নিউজ ডেস্ক : বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গিবাদের অবস্থান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমসহ সবার সহযোগিতায় আমরা সফল হয়েছি। এখন দেশে জঙ্গিবাদ নেই।”
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের ‘জঙ্গি ট্যাগ’ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।”
তিনি আরও জানান, মালয়েশিয়ার পুলিশপ্রধান যে পাঁচজন বাংলাদেশির কথা বলেছেন, তারা এখনো দেশে ফেরত আসেননি। “তাদের বিষয়ে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগ হচ্ছে। তদন্ত করে দেখা হবে। তবে তাদের বাংলাদেশে কোনো সম্পৃক্ততা নেই।”
মালয়েশিয়ার আইজিপির বক্তব্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাদের পুলিশপ্রধান কী বলেছেন, সেটা আমার জানা নেই। আমাদের কাছে সরকারি কোনো বার্তা আসেনি। বিভিন্ন মাধ্যমে যে তথ্য এসেছে, তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বক্তব্য দিয়েছে।”
বাংলাদেশে জঙ্গিবাদ দমনে সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, “গত ১০ বছরে জঙ্গিবাদ নিয়ে কোনো তথ্য আপনারা (গণমাধ্যম) দিতে পারেননি, কারণ এখানে জঙ্গিবাদ নেই। যখন ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন, সহযোগিতা করেছেন। আপনাদের এই ভূমিকা প্রশংসনীয়।”
বাংলাদেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘জঙ্গি তকমা’ দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালোভাবে বলতে পারবে।