নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভৌগোলিক কারণেই দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি যত বেশি থাকবে, জানমালের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নজরুল ইসলাম মণ্ডল বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ এখন অনিবার্য বাস্তবতা। এসব দুর্যোগের সময় মানুষের ভোগান্তি বেড়ে যায়। তাই দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী, প্রাণিসম্পদ কর্মকর্তা তারজিনা খাতুন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের মূল লক্ষ্য হলো দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানো জরুরি। দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সবাইকে দুর্যোগ মোকাবিলার কৌশল সম্পর্কে জানতে হবে এবং সচেতন থাকতে হবে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এতে দুর্যোগকালীন উদ্ধারকাজ, আগুন নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণ, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো এবং দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।