স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যাক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয়।
শুক্রবার (১০ এপ্রিল) রাত্রি ৯টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছী পশ্চিম পাড়া (হাড়িয়া পাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তি আব্দুল লতিফ (৫০) ওই এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা। অভিযুক্ত ইদ্রিস আলী (৪৫) একই গ্রামের সমসের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আব্দুল লতিফকে তার বাড়িতে ডেকে নেয়া হয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ইদ্রিস আলী ধারালো হাসুয়া দিয়ে লতিফের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
লতিফের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আব্দুল লতিফ জানান, সুদের মুনাফার টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি কিছুটা সময় চাইলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ইদ্রিস আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় এসে এজাহার দায়ের করেছেন। পরবর্তীতে এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।