
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের দংশনে প্রাণ হারিয়েছেন সালেহা বিবি (৫০) নামে এক বৃদ্ধা নারী।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে পরিবারের স্বজনরা জানায়।
বৃদ্ধা সালেহা বিবির বাড়ি উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে। কয়েকদিন আগে তিনি বেড়াতে যান পৌর এলাকার বরিদবাশাইল গ্রামে তার মেয়ের বাড়িতে।
স্বজনরা জানান, সকালে বাড়ির উঠানে মেয়েকে সাংসারিক কাজে সাহায্য করছিলেন সালেহা বিবি। এ সময় একটি বিষাক্ত গোখরা সাপ হঠাৎ তাকে দংশন করে। ঘটনার পর স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়ফুঁক করার পরও ওই বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় এক সাপুড়ে এসে বিষধর গোখরা সাপটি ধরে ফেলে।
সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে পারিবারিক কবরাস্থানে সালেহা বিবির দাফন সম্পন্ন হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক মিরুন।