
রাজু আহমেদ, নিজস্ব প্রতিবেদক : সামাজিক সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে দেশব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে শপথ গ্রহণ, সেবা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। একই সময়ে দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এরই ধারাবাহিকতায় দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে শপথ পাঠ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।
দুর্গাপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, কিসমতগনকৈড় ইউনিয়নের প্রশাসক এম.এ মতিন, ঝালুকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজেনা বিবি, থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী, স্থানীয় সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলার ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের বিমুগ্ধ করা হয়।