দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জিয়া পরিষদের উপজেলা ও পৌরসভা শাখার পৃথক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা শাখায় ১৭ সদস্য এবং পৌরসভা শাখায় ১৩ সদস্য রয়েছেন।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে জিয়া পরিষদের উপজেলা ও পৌরসভা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর মোহাম্মদ সালাউদ্দিন।
জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ড. মোজাফফর রহমান মুকুলের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান। এতে জেলা শাখার নেতৃবৃন্দ, দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখার বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত তালিকা অনুযায়ী, দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে গোলাম মুর্তজা মৃধাকে এবং সদস্যসচিব করা হয়েছে বাবলু সরকারকে। অন্যদিকে, পৌরসভা শাখার আহ্বায়ক হয়েছেন নজমুল হোসাইন এবং সদস্যসচিব হয়েছেন নুরুল হুদা।
২৪ অক্টোবর জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে কমিটি দুটি অনুমোদন দেওয়া হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর মোহাম্মদ সালাউদ্দিন কমিটি অনুমোদন করেন। এতে সুপারিশ করেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ড. মোজাফফর রহমান মুকুল, সহসভাপতি অ্যাডভোকেট শাহজামাল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও কৃষিবিষয়ক সম্পাদক ড. হাসান ওয়ালীউল্লাহ।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দুর্গাপুরে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।