
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীর দুর্গাপুরে জাল নোটসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরান তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. শামিম (৩০)। তিনি বগুড়া জেলার আদমদিঘী থানার নিমাইদিঘী গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।
জানা যায়, পুরান তাহেরপুর বাজারের বিএনপি আঞ্চলিক কার্যালয়ের সামনের পাকা রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল শামিম। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুইটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। নোট দুটির নম্বর যথাক্রমে—ঝ ই ৭২৪৫১২৫ ও ছ ন ১৬১৮৩৯৫।
পরে স্থানীয়রা দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে এসআই শাহাজাহান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে জাল টাকা জব্দ করেন এবং শামিমকে আটক করে থানায় নিয়ে যান। এই ঘটনায় এসআই শাহাজাহান নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “স্থানীয়দের সহযোগিতায় জাল টাকাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”