স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে এক মানসিক ভারসাম্যহীন যুবক আমগাছের ডালে ঝুলে মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া মটপুকুরের পাশে একটি আমবাগানে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রকি (১৯), পিতা মৃত টিটো, চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা তিন বছর আগে সাপের কামড়ে মারা গেছেন। মা ছফুরা বেগম অন্যত্র বিবাহের পর বগুড়ায় বসবাস করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রকি এলাকায় পাগলের ভান করে ঘুরে বেড়াতেন এবং রাতে মটপুকুরের ভিতরে ঘুমাতেন। শনিবার দুপুর ১২টার দিকে কিছু মানুষ তাকে এলাকায় ঘুরতে দেখেন। পরে বেলা ২টার দিকে চুনিয়াপাড়া মটপুকুরের পাশে একটি আমবাগানে আমগাছের ডালে ঝুলে থাকা অবস্থায় রকিকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, "ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"