ডিবিসি জার্নাল ডেস্ক : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিগত দুই মাস ধরে তিনি নিজের উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। রাজনৈতিক দলগুলোর দাবি এবং ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ প্রসঙ্গকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
রোববার(২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।
মে মাস থেকে রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে আসছে জানিয়ে তিনি বলেন, তাঁর সরকারি বাসভবনের সামনেই এ স্লোগান শোনা যেত।
সাংবাদিকতা সুরক্ষা আইন প্রসঙ্গে তিনি জানান, খসড়া থেকে বিল আকারে পাস হওয়া পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে। দুই মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটি এখনো দ্বিতীয় ধাপে আটকে আছে বলে উল্লেখ করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, যেখানে অনেক উপদেষ্টা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও এখনো বুঝে উঠতে পারছেন না কী করবেন, সেখানে তিনি এমন সময়ে দায়িত্ব নিয়েছেন যখন প্রতিদিনই অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে যে তাঁকে পদে রাখা হবে কি না।
তবে সব অনিশ্চয়তা সত্ত্বেও বর্তমান সরকারের মেয়াদেই সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।