নাটোর প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট ও দলের মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা জাতীয়তাবাদী দলের দলীয় সংগীত বাজাতে পেরেছি। এর জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। শহীদ, আহত ও নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগের কারণেই আজ দেশের মাটিতে আমাদের সংগীত শোনা যাচ্ছে।”
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে এই দেশে একটি মাফিয়াতন্ত্র কায়েম করেছে স্বৈরাচারী সরকার। জনগণের ওপর অব্যাহত নির্যাতন চালিয়ে তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।”
ফারজানা শারমিন পুতুল বলেন, “ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনব, স্বাধীন গণমাধ্যম, নিরপেক্ষ বিচার বিভাগ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করব।”
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন লালপুর-বাগাতিপাড়া আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। তিনি বলেন, “আমাদের পরিবারের সিদ্ধান্ত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মেয়েকে—অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হোক। দলের সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান, আপনারা পুতুলের পাশে থাকবেন।”
উক্ত জনসমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।