
নিউজ ডেস্ক : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৯ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে সরকার।
রোববার (১৩ জুলাই) কারা অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারাগারে আটক ওই বন্দিরা রেয়াতসহ ২০ বছর সাজা ভোগ করেছেন। কারা বিধি ৫৬৯ অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবশিষ্ট সাজা মওকুফের নির্দেশ দিয়েছেন সরকার।
তবে মুক্তিপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কারা আইন অনুযায়ী, সশ্রম বা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে রেয়াতসহ যথাক্রমে ১৪ বছর ও ২০ বছর সাজার পর সরকারের কাছে সাজা মওকুফের আবেদন করার সুযোগ থাকে। দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুসারে যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর ধরা হয়।
কারা অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত সাজা মওকুফ করে মোট ১০৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হলো।







