
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রাম থানায় ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
ঘটনা বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘটে। বুড়িমারী-রংপুর মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে আটক দুই আসামি বেলাল হোসেন ও সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত থেকে এক মাসের কারাদণ্ড পান। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের একটি গ্রুপ থানার সামনে জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশের কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের মধ্যেও হামলাকারীরা থানায় প্রবেশ করে দুই আসামিকে নিয়ে চলে যায়।
পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির স্থানীয় নেতা ঘটনার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে যাঁরাই জড়িত থাকুক, ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আহতদের রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরে পরিদর্শন করেন রংপুরের অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও)