
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত যুবকের নাম সেতাবুর রহমান সেতু (২৪)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গ্রামের সাহেব জানের ছেলে। আহত যুবক রিফাত আরেফিন (২০) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তানোর থেকে তালন্দের দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন সেতু ও রিফাতসহ তিনজন। তারা একই মোটরসাইকেলে ছিলেন। তালন্দ বাজারের ওয়ালটন শোরুমের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সেতু ও রিফাত গুরুতর আহত হন। তাদের সঙ্গে থাকা তৃতীয় যুবক এবং বিপরীত দিকের মোটরসাইকেলে থাকা আরেকজন সামান্য আঘাত পান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় সেতু ও রিফাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতাবুর রহমান সেতুর মৃত্যু হয়। রিফাতের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
তানোর থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় আসছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।