
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ ছাড়বেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কি না, তা এখনো সিদ্ধান্ত নেননি।
বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, যাঁরা সরকারে থেকে রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে চান, তাঁদের সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ২০২৪ সালের আগস্টে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। আগে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান তিনি।
এর আগে তাঁর সহযোদ্ধা নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির আহ্বায়ক হন, আরেকজন সহযোদ্ধা মাহফুজ আলম এখনো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা।
সরকারের এক বছরের মূল্যায়নে আসিফ মাহমুদ বলেন, অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তবে অর্থনীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রগতি আছে। মূল্যায়ন জনগণের হাতেই থাকা উচিত।