নিজস্ব প্রতিনিধি
ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) পরিকল্পিত এলাকায় ফ্লোর এরিয়া রেশিও (ফার)-এর বিষয়ে কোনো সংকট থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন ড্যাপ রিভিউ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।আজ বুধবার দুপুরে রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)-এর নেতৃত্বে সস্থাটির একটি দল সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন। যুক্তি সঙ্গত সুপারিশগুলো বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এ ছাড়া ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলামও ড্যাপে কোনো জটিলতা থাকলে সংশোধন করা হবে বলে আশ্বাস দেন।
বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট ফারের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভবনের উচ্চতা হ্রাসসহ ড্যাপের বিভিন্ন অসঙ্গতির বিষয় তুলে ধরেন। রাজধানী ঢাকার ভবিষ্যৎ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ড্যাপ সংশোধনের দাবি জানান তিনি। এই ড্যাপ বাস্তবায়িত হলে রিয়েল এস্টেট সম্পর্কিত লিংকেজ শিল্প, ডেভেলপারসহ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্ত্রীকে জানান রিহ্যাব প্রেসিডেন্ট।
সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ অপেক্ষমান বিভিন্ন প্রকল্পসমূহের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা এবং নতুন নিয়ম কার্যকর করার জন্য কমপক্ষে ছয় মাস সময় দেওয়ার দাবি জানান। ২১ দিনের মধ্যে নকশা পাস হওয়ার আইন থাকলেও দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে ডেভেলপারসহ সংশ্লিষ্টদের। নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত নকশা অনুমোদন করার দাবি জানান আলমগীর শামসুল আলামিন।
বৈঠকে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলামও অংশ নেন।