
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সব সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগেই নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে।
এর পরদিনই নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনার জন্য পাঁচটি কমিটি গঠন করেছে। এর মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় করবেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি বৃহস্পতিবার (১০ জুলাই) পৃথক অফিস আদেশে এ নির্দেশনা জারি করে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের কমিটির কাজ:ভোটগ্রহণ কর্মকর্তা প্যানেল তৈরি ও তদারকি।যোগ্যতার ভিত্তিতে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ।ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সমন্বয়।প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম।
আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির কাজ:নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন।পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ বাহিনীর সমন্বয়।ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা।সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে প্রস্তুতি নেওয়া।ব্যালট ও নির্বাচনি সরঞ্জাম পরিবহন ও সুরক্ষায় সহায়তা।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনবোধে উভয় কমিটি অতিরিক্ত কর্মকর্তাদের যুক্ত করতে পারবে।