
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকাল ৬টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও মনিটরিংয়ের জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
এদিকে, ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিন রিকশা ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকার শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডিএমপি সূত্রে জানা গেছে, সোমবার দায়িত্ব পালন করবেন ১ হাজার ৪৯১ জন পুলিশ সদস্য, এর মধ্যে ১৭৫ জন নারী। মঙ্গলবার নির্বাচনের দিন থাকবেন ২ হাজার ৬৪ জন পুলিশ সদস্য, যাদের মধ্যে ২১৫ জন নারী। নির্বাচনের পরদিন বুধবার দায়িত্ব পালন করবেন ৮১৯ জন, এর মধ্যে নারী সদস্য ৭৫ জন। নিরাপত্তা ব্যবস্থায় আরও থাকছে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ টিম, সোয়াট টিম এবং ড্রোন ক্যামেরা।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফুলার রোড, কলাভবন, শহীদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায় থাকবে ফুট প্যাট্রোল। এছাড়া স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইনস্টিটিউট সংলগ্ন শাহনেওয়াজ ভবনের সামনে, শাহবাগ থানা এবং নিউ মার্কেট থানায়।
টিএসসি সাব-কন্ট্রোল রুম থেকে ব্যারিকেড চেকপোস্ট, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ফুট প্যাট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভের সব কার্যক্রম মনিটরিং করা হবে। পাশাপাশি মোবিলাইজেশনের জন্য থাকবে একটি এপিসি, ওয়াটার ক্যানন, কমান্ড ভেহিকেল এবং অ্যাম্বুলেন্স। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো নিরাপত্তা কার্যক্রম নজরদারি করবে ডিএমপির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট টিম।
কন্ট্রোল রুমে স্ট্যান্ডবাই ফোর্স হিসেবে আবদুল গনি রোড পুলিশ কন্ট্রোল বুথে ৬ প্লাটুন, মিরপুর কন্ট্রোল রুমে ৪ প্লাটুন, রাজারবাগ পুলিশ লাইন্সে ৪ প্লাটুন এবং পিওএম পূর্বে ১ প্লাটুন ফোর্স রাখা হবে। নির্বাচনের দিন ব্যারিকেড চেকপোস্ট থাকবে শাহবাগ থানার সামনে, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর এবং শিববাড়ী ক্রসিংয়ে।
ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকার শাটল সার্ভিস চলবে সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত। শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে এই শাটল বাস চলাচল করবে। কেন্দ্রগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র এবং কার্জন হল কেন্দ্র।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।