দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে খামারিদের সচেতন করতে টিকা প্রদান, খামার ব্যবস্থাপনা এবং ভাইরাসজনিত রোগ প্রতিরোধ বিষয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় খামারি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. তারজিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএফ এ. মো. রেজাউল করিম এবং পানানগর ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. কামরুল হোসেন।
বক্তারা প্রাণিসম্পদের বিভিন্ন সংক্রামক ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সময়মতো টিকা প্রদান, আধুনিক খামার ব্যবস্থাপনা অনুসরণ এবং খামারের স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।